Getting your Trinity Audio player ready...

আমাদের ‘আয়না’:  হাওড়া ও হুগলি জেলার সংযোগস্থলে নিশ্চিন্দা থানার অন্তর্গত আমাদের বিদ্যালয় ১৯২০ থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রান্তিক এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। বেশিরভাগ নিম্নবিত্ত পরিবার থেকে আসা ছাত্র-ছাত্রীদের শুধু পুঁথিগত শিক্ষা নয়, নিয়ম শৃঙ্খলা, সমাজ সচেতনতা, সংস্কৃতি, পরিচ্ছন্নতা সবদিকে বিদ্যালয়ের বিশেষ যত্ন থাকে। শিক্ষার সঙ্গে সঙ্গে যাতে জীবনের অন্যান্য ক্ষেত্রে তারা বিকশিত হতে পারে সেই প্রচেষ্টা চলে নিরন্তর। তাই আশেপাশে বিভিন্ন বিদ্যালয়ে যখন ছাত্রসংখ্যা কমছে, তখন এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। এই স্কুল এলাকাবাসীর বড় গর্বের বিষয়।

ছাত্র-ছাত্রীদের সংস্কৃতি ও নান্দনিকতার প্রকাশ ঘটে তাদের দেওয়াল পত্রিকা ‘সুচেতনা’য়। আগে দেওয়াল পত্রিকা ছিল। কিন্তু, নিয়মিতভাবে প্রকাশিত হতো না। ২০২৫ সাল থেকে বিদ্যালয়ের বাংলার শিক্ষক বিপ্লব মন্ডল মহাশয়ের উদ্যোগে, নতুন করে সেজে ওঠে এই পত্রিকা। স্বাধীনতা সংখ্যার পাশাপাশি শারদ সংখ্যা, বসন্ত সংখ্যা প্রকাশিত হয়।

বিদ্যালয়ের সমস্ত বিষয়ের মত এখানেও প্রধান শিক্ষক ডক্টর চন্দন মিশ্র মহাশয়ের বিশেষ উদ্যোগ রয়েছে। বিপ্লব স্যারকে সহায়তা করেছেন সুপ্রভাত ভট্টাচার্য স্যার এবং শৈবাল মিত্র স্যার। অনেক ছাত্র-ছাত্রী লেখা দিয়েছে। স্বাধীনতা সম্পর্কে তাদের ধারণা ফুটে উঠেছে। এই পত্রিকা সাজানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একাদশ শ্রেণির ছাত্র সৌম্যদীপ নস্কর, দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্নেহা মুখার্জি ও প্রিয়াঙ্কা মন্ডল ।
এইভাবেই ছাত্র-ছাত্রীদের মনের আয়না হয়ে সেজে ওঠে বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা ‘সুচেতনা’।

দেওয়াল পত্রিকা ‘সুচেতনা’
রঘুনাথপুর নফর একাডেমি ( উঃ মাঃ), হাওড়া